টেকনাফে মানবপাচারবিরোধী অভিযানে সেনাসদস্য নিহত; উদ্ধার ৫৭
শেখনিউজ রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে মো. তিতাস শেখ (২৭) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। অভিযানে পাঁচজনকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার রাতে দেওয়া আইএসপিআরের বার্তা অনুযায়ী, উপজেলার রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে এ ঘটনা ঘটে।
আইএসপিআর জানায়, ওই এলাকায় ১৫–১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিককে জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল অভিযান চালায়।
বিকেল আনুমানিক ৫টায় দলটি ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলি চালায় বলে আইএসপিআরের বার্তায় উল্লেখ করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।
গোলাগুলির একপর্যায়ে সৈনিক তিতাস শেখের বাম কাঁধে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, অভিযানস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চারটি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে। এ ছাড়া জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
নিহত সেনাসদস্যের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।