ঢাকায় বিএনপি কর্মীদের হামলায় আহত আইরিশ সাংবাদিক জিবরান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় ককটেল বিস্ফোরণের পর সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আইরিশ নাগরিক ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) মাল্টিমিডিয়া বিভাগের প্রধান শেখ আহমেদ জিবরান ওরফে শোভি জিবরান।
সোমবার (১৬ নভেম্বর) রাতে বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি শপিং সেন্টার ও আবাসিক কমপ্লেক্সের কাছে এ ঘটনা ঘটে। জিবরানের অভিযোগ, সাংবাদিক পরিচয় ও পরিচয়পত্র দেখানোর পরও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে ১৫ থেকে ২০ জন তাকে ঘিরে মারধর করেন।
জিবরান জানান, রাত আনুমানিক ৮টা ২৭ মিনিটে একটি আবাসিক ভবন ও সিএনজি স্টেশনের বাইরে ককটেল বিস্ফোরণের শব্দ পান তিনি। এরপর মোবাইল ফোন ও সাংবাদিক পরিচয়পত্র নিয়ে সংবাদচিত্র সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান।
সেখানে পুলিশের সঙ্গে কথা বলে বিস্ফোরণস্থল পর্যবেক্ষণ করেন তিনি। পরে ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা তাকে জানান, পপুলার হাসপাতালের কাছে রাস্তার বিপরীত পাশ থেকে অজ্ঞাত ব্যক্তিরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
জিবরান বলেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি তার আবাসিক ভবনের পাশের ল্যাজ ফার্মার সামনে হট্টগোল শুনতে পান। দুই থেকে তিন মিনিট পর সেখানে গিয়ে দেখতে পান, কয়েকজন তিন ব্যক্তিকে আটক করে রেখেছেন। উপস্থিত লোকজন তাদের আওয়ামী লীগের কর্মী এবং ককটেল হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করছিলেন।
পুলিশ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিদের হাতকড়া পরাতে শুরু করলে তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এ সময় কয়েকজন তাকে ধাক্কাধাক্কি শুরু করে। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গলায় ঝোলানো পরিচয়পত্র দেখান।
জিবরান বলেন, “ঘটনাস্থলে আমিই একমাত্র সাংবাদিক ছিলাম। আমার গলায় পরিচয়পত্র ঝোলানো ছিল।”
তার ভাষ্য অনুযায়ী, পুলিশ আটক ব্যক্তিদের নিয়ে চলে যাওয়ার পর ধাক্কাধাক্কিতে জড়িত একজন তাকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ তোলেন এবং অন্যদের হামলায় উৎসাহিত করেন। এরপর ১৫ থেকে ২০ জন তাকে ঘিরে মারধর করেন।
জিবরানের অভিযোগ, হামলাকারীদের কয়েকজন বাঁশের লাঠি দিয়ে তার মাথা, ডান কাঁধ ও ডান উরুতে আঘাত করেন। তার হাতেও আঁচড় লাগে।
তিনি বলেন, “আমার কাছে দুটি ভিডিও ক্লিপ আছে, যেখানে আমাকে চিৎকার করে সাংবাদিক পরিচয় দিতে শোনা যায়।”
জিবরানের ওপর হামলায় জড়িত কয়েকজন সরকারি দল বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, তারা বিএনপির গুলশানের নেতা নজরুল ইসলাম মোনার সঙ্গে সংশ্লিষ্ট এবং মোনাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোনা প্রধানমন্ত্রীর একজন প্রভাবশালী কর্মচারীর আশীর্বাদপুষ্ট বলে অন্য একটি সূত্র জানিয়েছে।
হামলার পর জিবরান জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। এ সময় কয়েকজন তাকে ঘটনাস্থল ছেড়ে চলে যেতে বলেন এবং সেখানে সহায়তা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়।
জিবরান বলেন, “আমি বাংলাদেশে কর্মরত একজন আইরিশ নাগরিক। মিথ্যা অভিযোগ তুলে তারা একজন বিদেশি সাংবাদিকের ওপর হামলা করেছে।”
তিনি জানান, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে নয়, ককটেল বিস্ফোরণের পরবর্তী পরিস্থিতি এবং পুলিশের পদক্ষেপের সংবাদচিত্র সংগ্রহ করতেই তিনি সেখানে গিয়েছিলেন। ঘটনার দুটি ভিডিও তার কাছে সংরক্ষিত রয়েছে।