শেখনিউজ ডটকম

ফটোগ্রাফির ২০০ বছর পূর্তিতে সম্মাননা পেলেন ফটো সাংবাদিক বুলবুল

ডেস্ক রিপোর্ট: ফটোগ্রাফির ২০০ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে গুণী সম্মাননা পেয়েছেন দৈনিক আমাদের বার্তা’র নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট ফটো সাংবাদিক বুলবুল আহমেদ। দীর্ঘদিন ধরে ফটোসাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা বিষয়ক জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বুলবুল আহমেদ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি।

ফটোগ্রাফির দুই শতক পূর্তি উপলক্ষে ‘পোর্ট্রেট’-এর উদ্যোগে রাঙ্গামাটি প্রেস ক্লাবে গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের আলোকচিত্রী, ফটোসাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে বুলবুল আহমেদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি ও বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি মনসুর।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, পোর্ট্রেট পরিচালক রুপম চক্রবর্তী এবং পোর্ট্রেট উপদেষ্টা লায়ন পিযূষ তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক।

দুই দিনের আয়োজনে ফটোগ্রাফির ইতিহাস ও বিকাশ, সংবাদমাধ্যমে আলোকচিত্রের ভূমিকা এবং বাংলাদেশের ফটোসাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।

Exit mobile version